সম্প্রতি, ‘কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক কে ভেকুয়া গাড়িতে ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।।
একই দাবির ভিডিও দেখুন ইনস্টাগ্রাম, ইউটিউব ও থ্রেডসে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের রাজস্থানে চুরির অভিযোগে এক ব্যক্তিকে ভেকুর সঙ্গে উলটো করে ঝুলিয়ে মারধরের এক বছর পুরোনো ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে, ‘তন্ময় l T͞anmoy l’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ২৪ মে প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও পাওয়া যায়। ক্যাপশন অনুযায়ী, ভিডিওর ঘটনাটি ভারতের রাজস্থানে ঘটেছে। সেখানে চুরির অভিযোগে এক ডাম্পার চালককে একটি জেসিবি (এস্কেভেটর) মেশিনে উলটো করে ঝুলিয়ে মারধর করা হয়।
এছাড়া ‘The Bharat Pulse’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা আরেকটি ভিডিও পাওয়া যায়।

ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনের বিবরণ ও সেখানে ব্যবহৃত ছবির সঙ্গেও আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি মূলত গত বছরের এপ্রিল মাসের হলেও পরের মাসে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর সে বছরের ২৪ মেএ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সুতরাং, ভারতে ভেকুর সঙ্গে এক ব্যক্তিকে ঝুলিয়ে মারধরের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Bharat Pulse: Instagram Post
- The Indian Express: FIR after video shows man being dangled from JCB and assaulted in Rajasthan’s Beawar


