আসন্ন ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) এর জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তীতে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং এরপর পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি প্রচার করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল বলেছেন- ‘বাংলাদেশ একটা ছেঁচড়া জাত নিজেরা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে এখন শকুনের মতো আশা করছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে আর এরা সুযোগ পাবে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে ৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে ‘ছেঁচড়া’ বলে আলোচিত মন্তব্য করেননি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ক্রিস গেইলের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দেশিয় বা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ক্রিস গেইল এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা দেশিয় ও আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হতো।
পাশাপাশি, ক্রিস গেইলের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত মন্তব্যটি ক্রিস গেইল করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে ‘ছেঁচড়া’ ও ‘শকুন’ বলে মন্তব্য করেছেন ক্রিস গেইল বলে প্রচারিত দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis


