সম্প্রতি, ‘এই মুহূর্তে প্রধান ঈদগাহে রাজধানীতে ঈদের নামাজে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং জাতীয় ঈদগাহেও গেল ঈদে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে কোনো সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে ‘Baliadangi24.com’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ক্যাপশন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ ওরস মেলায় সাইকেল গ্যারেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও এটি।

তবে আরো অনুসন্ধানে ২৭ ডিসেম্বর আরেকটি ভিডিও পাওয়া যায় একই ঘটনার বিষয়ে, যেখানে দাবি করা হয়, এটি নেকমরদ ওরস মেলার কোনো ভিডিও নয়।
নেকমরদের স্থানীয় একজন সংবাদকর্মীও রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, এটা নেকমরদ এর ঘটনা নয়।
অনুসন্ধানে ভিডিওটির মূল উৎস পাওয়া না গেলেও এটা নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, পুরোনো ঘটনার ভিডিওকে জাতীয় ঈদগাহে সংঘর্ষের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Baliadangi24.com: Facebook Video


