সাম্প্রদায়িক কারণে মারা যাননি ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অনন্য গাঙ্গুলিকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে।’ পোস্টটি পরবর্তীতে আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘তিনি আরও বেশি বুদ্ধিমান ছিলেন। তিনি যেকোনো “কাংলু”-র চেয়ে অনেক বেশি সুদর্শন ছিলেন। স্পষ্টতই ঈর্ষা থেকেই তাকে “কাংলু”-রা হত্যা করেছে।’ (অনূদিত)

উল্লেখ্য, বাংলাদেশি মুসলিমদের বিদ্রুপাত্মকভাবে অনেকে ‘কাংলু’ বলে থাকে, বিশেষ করে ভারতীয়রা।

অর্থাৎ, দাবি করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীকে হত্যা করা হয়েছে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রদায়িক কারণে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীকে হত্যা করার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে পরিবারের মতে, দীর্ঘদিন ধরে ভুগা মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তাকে হত্যা করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর ওয়েবসাইটে ‘ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’ শিরোনামে গত ০১ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত একটি ছবির সংযুক্তিও পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি অনন্য গাঙ্গুলী মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন অনন্য গাঙ্গুলী। প্রতিবেদনে আরো বলা হয়, ‘জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনন্যর বাবা জানান, তাঁর ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।​’ প্রতিবেদনে এছাড়াও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার আগে কলেজে উঠে মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন অনন্য।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে একইরকম তথ্য আরো একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়। কোথাও এতে সাম্প্রদায়িক কোনো সহিংসতার ইঙ্গিত পাওয়া যায়নি বা অনন্যকে হত্যা করা হয়েছে এরূপ কোনো দাবি পাওয়া যায়নি।

সুতরাং, সাম্প্রদায়িক কারণে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীকে হত্যা করা হয়েছে শীর্ষক দাবি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: