ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটে হামলায় ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার দাবিটি সঠিক নয়

গত ৭ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনসুলেট ভবনের সামনে তিন বন্দুকধারী হামলা চালায়। এর প্রেক্ষিতে ওই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত ও আহত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইস্তাম্বুলের ইসরায়েলি কনসুলেটে বন্দুকধারীদের হামলায় ইসরায়েলি নাগরিক নিহত ও আহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী নিহত এবং বাকি দুইজন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীদের গুলিতে দুইজন তুর্কি পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন, যারা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে কোনো ইসরায়েলি নাগরিক এই ঘটনায় হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সেদিনের হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রচারিত হতে দেখা যায়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক ফুটেজের মিল পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায়, প্রচারিত ভিডিওটি ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে বন্দুকধারীদের হামলার ঘটনারই।

পরবর্তীতে উক্ত প্রতিবেদনগুলোর পাশাপাশি বিবিসি নিউজে প্রকাশিত একটি বিস্তর প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তিনজন হামলাকারীদের মাঝে একজন নিহত ও বাকি ‍দুইজন আহত হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি এক্স পোস্টও করেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, পোস্টটি থেকে জানা যায়, নিহত হামলাকারীর নাম ইউনুস ই. এস। তিনি একটি ধর্মীয় সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলেন পোস্টটিতে উল্লেখ করা হয়। বাকি দুই হামলাকারী অনুর সি. এবং এনেস সি. দুইজন ভাই বলে জানা যায়।

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, হামলাকারীদের গুলিতে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন তবে তাদের কেউ গুরুতর জখম হননি। কিন্তু কোনো গণমাধ্যমেই উক্ত হামলার ঘটনায় কোনো সাধারণ তুর্কি নাগরিক কিংবা ইসরায়েলি নাগরিক নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মন্ত্রাণালয়ের মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এমন তথ্য সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে বন্দুকধারীদের হামলার ঘটনায় কোনো ইসরায়েলি নাগরিক নিহত হননি।

সুতরাং, ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত ও আহত হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: