‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা’ শীর্ষক মন্তব্য করেননি রাষ্ট্রপতি, সম্পাদিত ফটোকার্ড প্রচার  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি প্রচার করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা’ শীর্ষক মন্তব্য করেননি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই রাষ্ট্রপতির নামে আলোচিত ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি নিয়ে রিভার্স সার্চ করলে সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটিতে থাকা রাষ্ট্রপতির ছবি ও ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাদৃশ্য পাওয়া যায়। তবে, ফটোকার্ড দুইটির ফন্টের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়৷ মূল ফটোকার্ডে ‘রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য’ লেখা থাকলেও তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনো – শেখ হাসিনা : রাষ্ট্রপতি’ লিখে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ছবির জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, ফটোকার্ড প্রচারের তারিখ ও ‘বাংলাদেশ টাইমস’ এর লোগো মুছে ফেলা হয়েছে।

অর্থাৎ, ‘বাংলাদেশ টাইমস’ এর উক্ত ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এরূপ দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হতো।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’কে দেওয়া একটি সাক্ষাৎকার পাওয়া যায় যেখানে নানাবিষয়ে রাষ্ট্রপতি কথা বলেছেন। সাক্ষাৎকারে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাসহ গত দেড় বছরে ঘটা নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে জটিলতার সম্মুখীন হয়েছিলেন এবং আলোচনাসাপেক্ষে তার সাংবিধানিক সমাধান বের করেছিলেন বলেও উল্লেখ পাওয়া যায়। তবে কোথাও তিনি বলেননি যে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান স্বয়ং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে শেখ হাসিনার পদত্যাগের বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতিকে জড়িয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক লেখায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে বলা হয়েছিল, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এরই প্রেক্ষিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে শেখ হাসিনার পদত্যাগকেন্দ্রিক বিষয় মীমাংসিত উল্লেখ করে সেসময় নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে শেখ হাসিনার দেশ ছাড়ার দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (০৫ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

তবে সেসব সময়েও রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়নি যে ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা’।

সুতরাং, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।টি মিথ্যা।

তথ্যসূত্র

Share: