রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ প্রকৌশলীর অসুস্থতা জনিত মৃত্যুকে ‘গুপ্তহত্যা’ বলে প্রচার

গত ০১ ফেব্রুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত চুরকিন ভ্লাদিমির (৪০) নামের এক রুশ নাগরিক মারা যান। উক্ত রুশ নাগরিকের মৃত্যুকে ‘গুপ্তহত্যা’ বলে একটি দাবি ইন্টারনেটে প্রচার হতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিক চুরকিন ভ্লাদিমির (৪০) হত্যাকাণ্ডের শিকার হননি বরং, তিনি ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ০২ মে “রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ০১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকের ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ফ্লোরে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ​ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘কর্তৃপক্ষ বলেছে জিমে গিয়েছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যান। প্রাথমিকভাবে গুপ্তহত্যা সংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি।’

সুতরাং, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ প্রকৌশলীর অসুস্থতা জনিত মৃত্যুকে ‘গুপ্তহত্যা’ বলে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: