তারেক রহমানই প্রথম নন, শহীদ মিনারে আগেও প্রধানমন্ত্রীর দোয়ার নজির রয়েছে

গত ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষাশহীদদের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন। এরই প্রেক্ষিতে কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে দোয়া করলেন কোনো প্রধানমন্ত্রী।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: এটিএন বাংলা, এটিএন নিউজ (ইউটিউব), কালের কণ্ঠ (ফেসবুক), আমার দেশ, দৈনিক আমাদের সময়, ইনকিলাব, বাংলাদেশ সংবাদ সংস্থা, বার্তা বাজার, দ্য ডেইলি ক্যাম্পাস (ইনস্টাগ্রাম), রেডিও টুডে, দ্যা ঢাকা ডায়েরি, ফিন্যান্স টুডে, দৈনিক সকাল (ফেসবুক), বাংলার আলো, আমেরিকা বাংলা, বাংলার খবর২৪

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

পাশাপাশি, এরূপ দাবি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শহীদ মিনারে দোয়া করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃতপক্ষে তারেক রহমানের আগে অন্তত দু’বার ১৯৭২ ও ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান শহীদ মিনারে দোয়া করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে পুরোনো পত্রিকার আর্কাইভ ওয়েবসাইট ‘সংগ্রামের নোটবুক’ সূত্রে ‘দ্যা বাংলাদেশ অবজার্ভার’ পত্রিকার ১৯৭৩ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখের পত্রিকা পাওয়া যায়। পত্রিকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের দোয়ার একটি ছবির সংযুক্তি পাওয়া যায় এবং এর বর্ণনায় বলা হয়, শহীদ দিবসে শহীদ মিনারে বুধবার শেখ মুজিবুর রহমানের ছবি। উল্লেখ্য, ১৯৭৩ সালের ২১শে ফেব্রুয়ারি বুধবারে ছিল।

এছাড়াও, মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এর ওয়েবসাইটে ‘দৈনিক বাংলা’ পত্রিকার ১৯৭২ সালের ২৩ ফেব্রুয়ারির পত্রিকা পাওয়া যায়। পত্রিকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের দোয়ার একটি ছবির সংযুক্তি ‘শহীদ মিনারে মোনাজাত করছেন বঙ্গবন্ধু’ ক্যাপশনে পাওয়া যায়।

অর্থাৎ ১৯৭২ ও ১৯৭৩ সালেও শহীদ মিনারে প্রধানমন্ত্রীর মোনাজাতের ঘটনা ঘটেছে।

এছাড়াও, বাংলা ট্রিবিউন, উইকিমিডিয়া কমনসপ্রথম আলো সূত্রে মোনাজাতের আরেকটি ছবি পাওয়া যায় যার বর্ণনায় বলা হয়, ‘১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি: প্রথম শহীদ দিবস সকালে ছাত্র-জনতার শোক শোভাযাত্রা মেডিক্যাল হোস্টেল মোড়ে (যেখান থেকে গুলি চলেছিল) শহীদানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করছে।’ বাংলা ট্রিবিউনে বলা হয়, ছবিতে শেখ মুজিবুর রহমানও রয়েছেন। অর্থাৎ, স্বাধীনতার পূর্বেও শহীদ মিনারে মোনাজাতের ঘটনা ঘটেছে।

সুতরাং, বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শহীদ মিনারে দোয়া করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: