আওয়ামী লীগের আনা অস্ত্র দাবিতে বিএনপি কর্মীদের থেকে জব্দ লাঠি, ইটপাটকেলের ভিডিও প্রচার 

আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি চালু রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচীকে কেন্দ্র করে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন করতে ট্রাকবোঝাই দেশীয় অস্ত্র আনছিল আওয়ামী লীগ। সেনাবাহিনীর অভিযানে জব্দ হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।

একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের জন্য আওয়ামী লীগের ট্রাকবোঝাই দেশীয় অস্ত্র আনার নয়। প্রকৃতপক্ষে, ০৬ নভেম্বর সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ইটপাটকেল, গুলতি, লোহার বল, ধারালো অস্ত্র জব্দের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি এর ইউটিউব চ্যানেলে ০৬ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিএনপি মনোনয়ন ঘিরে সাতক্ষীরা-৩’এ উত্তেজনা। লাঠি, ইটপাটকেল জব্দের ভিডিও এটি।

জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ০৬ নভেম্বর বিকেল থেকে কালীগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় তিনজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায়, একদল নাশকতাকারী বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ইটপাটকেল, গুলতি, লোহার বল, ধারালো অস্ত্রসহ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ সেনা ক্যাম্পের বিশেষ টহল দল দ্রুত ফুলতলা এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা।

অর্থাৎ, এই ভিডিওর সাথে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, আজকের লকডাউন কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামী লীগের আনা অস্ত্র দাবিতে বিএনপি কর্মীদের থেকে জব্দ লাঠি, ইটপাটকেলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: