জামায়াত আমিরের এক্স পোস্ট প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্যের নামে ভুয়া মন্তব্য প্রচার 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন যে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। এরই প্রেক্ষিতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য “জামাতের আমিরের আইডি থেকে করা বিতর্কিত টুইটার পোস্টটি আসলে ভারত থেকে ‘কালো জা”দু’র মাধ্যমে করা হয়েছে। এটি একটি গভীর ষ”ড়’যন্ত্র…মা-বোনেরা ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে দাঁড়িপাল্লায় ভোট দিন” বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে যায়, “জামাতের আমিরের আইডি থেকে করা বিতর্কিত টুইটার পোস্টটি আসলে ভারত থেকে ‘কালো জা”দু’র মাধ্যমে করা হয়েছে” শীর্ষক কোনো মন্তব্য পিনাকী ভট্টাচার্য করেননি। প্রকৃতপক্ষে, উক্ত দাবিটি প্রথমে একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির ডানপাশে ‘Satire’ শীর্ষক হ্যাশট্যাগের অস্তিত্ব রয়েছে। তবে, ফটোকার্ডটি প্রকাশের তারিখ ‍উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায়, ‘Gorom TV’ নামক একটি পেজ থেকে গতকাল (০১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৭ মিনিটে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়েছে।

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে এর বায়োতে ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমনকি পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারিতে আলোচিত বিষয়ে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। “জামাতের আমিরের নামে নারীবিদ্বেষী ভুয়া পোস্ট নিয়ে বিএনপি’র উল্লাস” শীর্ষক শিরোনাম সংবলিত এই পোস্টে তাকে বিএনপির সমালোচনা করতে দেখা গেলেও “জামাতের আমিরের আইডি থেকে করা বিতর্কিত টুইটার পোস্টটি আসলে ভারত থেকে ‘কালো জা”দু’র মাধ্যমে করা হয়েছে” শীর্ষক কোনো মন্তব্যের হদিস পাওয়া যায়নি।

সুতরাং, পিনাকী ভট্টাচার্য “জামাতের আমিরের আইডি থেকে করা বিতর্কিত টুইটার পোস্টটি আসলে ভারত থেকে ‘কালো জা”দু’র মাধ্যমে করা হয়েছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: