ঋণখেলাপীর অভিযোগ থাকা বিএনপির প্রার্থীদের সমালোচনা করে পুলিশের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত 

ভিডিওটিতে পুলিশের পোশাকে দুইজন ভিন্ন চেহারার ব্যক্তিকে বলতে শোনা যায়, “বিএনপির ৪৫ জন এমপি মনোনয়ন প্রার্থী ৫ হাজার কোটি টাকা ঋণখেলাপী থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। ক্ষমতা না থাকার পরেও যারা এতো টাকা ঋণ পরিশোধ করেনি, তাহলে ক্ষমতায় গেলে এরা ব্যাংকের সমস্ত টাকা একাই আত্মসাৎ করবে।” 

এই প্রতিবেদন প্রকাশ অবধি ফেসবুকে প্রচার হওয়া ভিডিওটি গত ২৩ ঘন্টায় ১৪ লাখের অধিকবার দেখা হয়েছে। এছাড়া, কনটেন্ট বিশ্লেষণে আরো দেখা যাচ্ছে, ভিডিওটিতে ৪৭ হাজারের অধিক রিয়াকশন পড়েছে এবং ২৬ হাজারের অধিকবার শেয়ার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঋণখেলাপীর অভিযোগ থাকা বিএনপির প্রার্থীদের সমালোচনা করে পুলিশের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে, কোনো পুলিশ কর্মকর্তা আসন্ন নির্বাচন ঘিরে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রসঙ্গে এরূপ কোনো মন্তব্য করলে তা নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হতো।

পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানানো হয়।

এছাড়া, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়।

তবে, ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে ৪৫ জন প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশসহ বিভিন্ন আইনে ঋণখেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও এসব প্রতিবন্ধকতা পেরিয়ে ৪৫ জন ঋণখেলাপি নির্বাচন করার সুযোগ পাচ্ছেন।

সুতরাং, বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে থাকা ঋণখেলাপীদের সমালোচনা করে পুলিশের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

তথ্যসূত্র

Share: