ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের দৃশ্য দাবিতে ঝিনাইদহে বিএনপি কর্মী আটকের ভিডিও প্রচার

সম্প্রতি, ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের কথিত সহ-সম্পাদক আরিফ হোসেন বিল্লালকে নির্মম নির্যাতন ও বিনা মামলায় আটকের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের নির্বাচনি কার্যালয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আটক হওয়া উলাদ হোসেন নামের এক ব্যক্তির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। জানা যায়, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ২৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনি কার্যালয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উলাদ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ এবং তাকে চুল ধরে থানায় নেওয়ার দৃশ্য সম্বলিত ভিডিওটিই এটি। এছাড়া, ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
পাশাপাশি, গত ২৭ ফেব্রুয়ারিতে ‘Voice of Joy’ নামক আরেকটি ফেসবুক পেজে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। যার বিস্তারিত বিবরণী থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, এটি ময়মনসিংহে ঘটা কোনো ঘটনা নয় এবং আটক হওয়া ব্যক্তি ছাত্রলীগের নেতাও নয়।
সুতরাং, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আটক এক ব্যক্তির ভিডিওকে ছাত্রলীগের কথিত নেতা আরিফ হোসেন বিল্লালের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor: থানায় হামলার অভিযোগ, যুবকের চুল ধরে টেনে নিয়ে গেল পুলিশ
- Voice of Joy: Facebook Video

