প্রকাশ্যে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৫ সালের 

এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার দৃশ্য দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৫ সালে হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি দেওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Habiganj High School & College’ নামক ফেসবুক পেজে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ঘটনাটি হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পেছনের রাস্তায় ঘটেছে।

পরবর্তীতে, অনুসন্ধানে জাগো নিউজের ওয়েবসাইটে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বরে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ঐ সময়ে হবিগঞ্জে এক স্কুলছাত্রীকে দিনদুপুরে প্রকাশ্যে রাস্তায় লাঞ্ছিত করে এক বখাটে। ঘটনার ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় উঠে। হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়া এ বখাটে ছাত্রের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আলোচিত ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

এছাড়া, একই বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটেও প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ঘটনার ভিডিও সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যায়।

সুতরাং, ২০১৫ সালে হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি দেওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: