সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন “মাদ্রাসার ছাত্ররা একসময় নাসা পরিচালনা করবে” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “মাদ্রাসার ছাত্ররা একসময় নাসা পরিচালনা করবে” বলে ধর্ম উপদেষ্টা কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ধর্ম উপদেষ্টার এমন মন্তব্যের সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘মবকণ্ঠ’ নামক ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটির সন্ধান পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ‘মবকণ্ঠ’ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ বাদ দেওয়া হয়েছে।

‘মবকণ্ঠ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি প্যারোডি পেজ।’ (অনূদিত)
সুতরাং, “মাদ্রাসার ছাত্ররা একসময় নাসা পরিচালনা করবে” শীর্ষক মন্তব্য ধর্ম উপদেষ্টা করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- মবকন্ঠ। Mobkantha – Facebook Post
- Rumor Scanner’s Analysis


