প্রধান উপদেষ্টা গণভোটে ‘না’ ভোট দিতে দেশবাসীকে আহ্বান জানাননি, আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা “না” তে সিল দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দাবিতে মূলধারার গণমাধ্যম আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘না’ তে সিল দিতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান- শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ‘হ্যাঁ’-তে সিল দিতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান সংবলিত আরটিভি’র মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৯ জানুয়ারি আরটিভির ফেসবুক পেজে “‘হ্যাঁ’-তে সিল দিতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান” শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে উভয়ের শিরোনাম অমিল রয়েছে। মূল ফটোকার্ডে শিরোনামের শুরুতে ‘হ্যাঁ’ থাকলে আলোচিত ফটোকার্ডে শিরোনামের শুরুতে ‘না’ উল্লেখ রয়েছে।

অর্থাৎ, আরটিভির মূল ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত আরটিভির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো।”

এছাড়া, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও গত ১৯ জানুয়ারি আলোচিত বিষয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। যেখানে মুহাম্মদ ইউনূসকে গণভোটে “হ্যাঁ” সিল দেয়ার আহ্বান জানাতে দেখা যায়।

সুতরাং, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণভোটে “না” তে সিল দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: