তারেক রহমানকে জড়িয়ে ছাত্রদল সা. সম্পাদককে উদ্ধৃত করে আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকান ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ এনে সরাসরি ভিডিও, অডিওসহ বিভিন্ন প্রমাণ প্রজেক্টরে প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির “তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে আমারা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি, তার পরেও কেন ঢাবিতে মধুর ক্যানটিনে আমাদের চাঁদাবাজি প্রজেক্টরে লাইভ দেখানো হচ্ছে?” বলে মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে উদ্ধৃত করে তারেক রহমানের দেশে ফেরা ও ঢাবিতে চাঁদাবাজি প্রসঙ্গে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৫ জানুয়ারি আরটিভিতে প্রকাশিত নাসির উদ্দিন নাসিরের মন্তব্য সংবলিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২৫ জানুয়ারি “আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে” শিরোনামে নাসির উদ্দিন নাসিরের মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডটিতে শিরোনামের স্থলে “তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে আমারা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি, তার পরেও কেন ঢাবিতে মধুর ক্যানটিনে আমাদের চাঁদাবাজি প্রজেক্টরে লাইভ দেখানো হচ্ছে?” শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, শিরোনামে ব্যবহৃত ফন্টেও অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফেসবুকে পেজে প্রচারিত মূল ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আরটিভির মূল ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিতে হবে। ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষকে জয়ী করে সংসদে পাঠাতে হবে।” তবে, এই প্রতিবেদনে কোথাও তারেক রহমানের দেশে ফেরা ও চাঁদাবাজি প্রসঙ্গে কোনো তথ্যের উল্লেখ নেই।

সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে ছাত্রদল সা. সম্পাদককে উদ্ধৃত করে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: