সারজিস ও হাসনাতের বাসায় কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বাসায় ২০০ কোটি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ২০ হাজারের অধিকবার দেখা হয়েছে।
টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের বাসায় ২০০ কোটি ও হাসনাত আবদুল্লাহর বাসায় ১০০ কোটি টাকা উদ্ধার দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। প্রকৃতপক্ষে, সারজিস ও হাসনাতের বাসায় টাকা পাওয়ার ভুয়া দাবির বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক প্রতিবেদন নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত এই ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৯ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন বিশ্লেষণে জানা যায়, ঐ সময়ে অর্থাৎ ২০২৪ সালের শেষভাগে সারজিসের বাসায় ২০০ কোটি ও হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়। সেসময়ে বিষয়টিকে ভুয়া এবং প্রচারিত ভিডিওটিকে বিকৃত বা সম্পাদিত হিসেবে উপস্থাপন করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এটিএন নিউজে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি মূলত ফ্যাক্টচেক ঘিরেই তৈরি করা।
অর্থাৎ, এটিএন নিউজে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে ২০০ ও ১০০ কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করা হয়নি, বরং প্রচারিত ভিডিওটি বিকৃত করা।
এছাড়া, সাম্প্রতিক সময়ে সারজিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বাসায় টাকা উদ্ধারের খবর দেশিয় মূলধারার সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, সারজিসের বাসায় ২০০ কোটি এবং হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত বা সম্পাদিত।
তথ্যসূত্র
- ATN News: হাসনাত-সারজিসের বাড়িতে শতকোটি টাকা পাওয়ার দাবি, যা বলছে ফ্যাক্ট চেক
- Rumor Scanner’s Analysis

