জুলাই আন্দোলনে শেখ হাসিনা নিরপরাধ শীর্ষক মন্তব্যটি সৌদি গেজেটের নয়

সম্প্রতি, ‘রয়টার্স, আল জাজিরা এবং বিবিসির মতো আন্তর্জাতিক শক্তিশালী সংবাদমাধ্যম গুলো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ এবং সাক্ষাৎকার প্রচার করেছে। এইসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোর মতো সৌদি আরবের Saudi Gazette সংবাদ মাধ্যমও শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে। তাদের সংবাদ বলছে শেখ হাসিনা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য নিরপরাধ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনগণ তাকেই আবারো সরকার প্রধান হিসেবে চাচ্ছে।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেট ‘শেখ হাসিনা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য নিরপরাধ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনগণ তাকেই আবারো সরকার প্রধান হিসেবে চাচ্ছে’ এমন তথ্যে কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সৌদি গেজেট ভিন্ন সংবাদের বরাত দিয়ে উক্ত তথ্য তাদের সংবাদে প্রচার করেন যা সৌদি গেজেটের মন্তব্য দাবিতে প্রচার হচ্ছে৷

এ বিষয়ে অনুসন্ধানে সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেটের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি গেজেটে শেখ হাসিনাকে নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে গত ২০ নভেম্বর। ‘Sheikh Hasina’s conviction for crimes against humanity is testing India-Bangladesh ties’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করেনি।

এর আগে গত ১৭ নভেম্বর ‘Bangladesh’s ousted leader Sheikh Hasina sentenced to death for violent crackdown on protests’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও নিজস্ব কোনো তথ্যে বলা হয়নি জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের জন্য নিরপরাধ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনগণ তাকেই আবারো সরকার প্রধান হিসেবে চাচ্ছে।

এছাড়া, এর আগে গত ১৪ নভেম্বর ‘Ex-Bangladesh leader says she’s not guilty of crimes against humanity’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

অর্থাৎ, এই প্রতিবেদনে বিবিসিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। সৌদি গেজেট নিজস্ব কোনো তথ্য দেয়নি।

সুতরাং, ‘শেখ হাসিনা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য নিরপরাধ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনগণ তাকেই আবারো সরকার প্রধান হিসেবে চাচ্ছে’ শীর্ষক মন্তব্য সৌদি গেজেটের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: