স্ক্রিপ্টেড কনটেন্টকে বিএনপি নেতাদের টিকিট লাগে না শিরোনামে আসল ভিডিও দাবিতে প্রচার

ট্রেনে বিনা টিকিটে যাত্রীর ভ্রমণ দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একাধিক পোস্টের ক্যাপশনে ভিডিওটি ‘বিএনপি নেতাদের টিকিট লাগে না’ শিরোনাম ব্যবহার করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ট্রেনে বিনা টিকিটে যাত্রীর ভ্রমণের বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, সচেতনতার জন্য তৈরি কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে ‘Train with Sayed’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত বছরের ২৬ জুনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

উভয় ভিডিওতে থাকা ব্যক্তি, তাদের পোশাক ও ভিডিও ধারণের স্থান পুরোপুরি মিল পাওয়া যায়। ভিডিওটির দুই মিনিট সময় থেকে উক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন তা সম্পূর্ণ পরিকল্পিত একটি ভিডিও। এরপর বিষয়টি নিয়ে তিনি সচেতনতা সৃষ্টির নিমিত্তে ভিডিওটি করেছেন বলে জানান তিনি। কিন্তু তার এই ভিডিওর অংশটুকু কেটে বর্তমানে আংশিক ভিডিওটি প্রচার করা হচ্ছে।

পরবর্তীতে অনুসন্ধানে একই ব্যক্তির ফেসবুক পেজ ‘Train with Sayed’ এ গত ২৯ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি বিশ্লেষণে, আলোচিত ব্যক্তির নাম সাইদুর রহমান এবং তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত বলে জানা যায়। পাশাপাশি, তিনি ট্রেনে সচেতনতামূলক বিনোদনধর্মী কনটেন্ট বানিয়ে ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন বলেও জানা যায়।

এছাড়া, আলোচিত কনটেন্টটিতে গফরগাঁওয়ের নাম ব্যবহার করায় এটি নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তিনি জনসাধারণের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, একটি সাজানো ভিডিওকে ট্রেনে বিনা টিকিটে যাত্রীর ভ্রমণের বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছ; যা মিথ্যা।

তথ্যসূত্র


Share: