আসিফ মাহমুদের বিচার চেয়ে সাকিব আল হাসানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত 

গত বছরের ২৮ সেপ্টেম্বর, শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর সাকিবকে ইঙ্গিত করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্ট করেছিলেন। যার পাল্টা জবাবও দিয়েছিলেন সাকিব। সম্প্রতি নতুন সরকার দায়িত্ব গ্রহণ পরবর্তী সময়ে ক্রীড়া সংশ্লিষ্টদের টেবিলে মাশরাফি-সাকিব ইস্যু আলোচনায় উঠে এসেছে। এরই প্রেক্ষিতে “আসিফ মাহমুদের বিচার করতে হবে, তবে আমি বাংলাদেশ টিমে খেলবো” শিরোনামে সাকিব আল হাসানের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি ফেসবুকে প্রচারিত ভিডিওটি ৫ লক্ষ ২৫ হাজার বার দেখা হয়েছে এবং ১ হাজারের অধিক বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকেও ভিডিওটি প্রচার হতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশ অবধি ফেসবুকে প্রচারিত ভিডিওটি ৫ লক্ষ ৩৫ হাজার বার দেখা হয়েছে এবং ১ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদের বিচার চেয়ে সাকিব আল হাসানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আইপিএলের ক্রিকেট দল ‘SunRisers Hyderabad’ এর ফেসবুক পেজে ২০১৯ সালের ১৪ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের আংশিক মিল রয়েছে।

মূল ভিডিওতে সাকিবকে আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) সানরাইজ হায়দ্রাবাদের প্রথম ম্যাচের টিকিট কেনার বিষয়ে কথা বলতে দেখা যায়। তাছাড়া, মূল ভিডিওতে ভিন্ন রঙ এর টি-শার্টে দেখা যায় তাকে। তবে, পেছনের দৃশ্যে ও পারিপার্শ্বিকতায় হুবহু মিল দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধানে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ২২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঐ বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে মাঠে নামেন সাকিব। এছাড়া, প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ভিডিওটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগল এআই-এর সহায়তায় তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

সুতরাং, আসিফ মাহমুদের বিচার চেয়ে সাকিব আল হাসানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: