নির্বাচন নিয়ে দিল্লীতে শেখ হাসিনার প্রকাশ্য ভাষণ দাবিতে পুরোনো ভিডিও সম্পাদনা করে প্রচার 

২০২৪ সালে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তিনি বিভিন্ন সময় অডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং ইমেইলের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তবে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তবে, সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভারতের ‘দিল্লী’ থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশে শেখ হাসিনার ভাষণ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন উপলক্ষ্যে ভারতের দিল্লী থেকে প্রকাশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের একটি পুরোনো ভিডিও সম্পাদনা করে তাতে ভিন্ন অডিও সংযুক্ত করে এবং পেছনের দৃশ্য পরিবর্তনের মাধ্যমে আলোচিত দাবি সংবলিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে শেখ হাসিনার পরিহিত পোশাকের সঙ্গে আলোচিত ভিডিওর মিল থাকলেও তার বক্তব্যের অডিওতে ভিন্নতা দেখা যায়। পাশাপাশি ভিডিওটির পেছনের দৃশ্যে ভারতের পতাকা যুক্ত করা হয়েছে।

মূল ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি ২০২২ সালের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও।

সুতরাং, ২০২২ সালে জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে তাতে ভিন্ন অডিও সংযুক্ত করে এবং পেছনের দৃশ্য পরিবর্তনের মাধ্যমে নির্বাচন ঘিরে ভারতের ‘দিল্লী’ থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: