বাংলাদেশে চাঁদাবাজকে রুখে দেওয়ার দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার  

সম্প্রতি, চাঁদাবাজকে রুখে দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

পোস্টগুলোর ক্যাপশনে দেশের নাম উল্লেখ না থাকায় অনেকেই এটি বাংলাদেশের ঘটনা ভেবে বিভ্রান্ত হয়েছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং এর সাথে চাঁদাবাজিরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় সাই মন্দিরের পাশে মদ্যপ এক যুবক কর্তৃক দোকান ভাঙচুরের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘sanatan_kannada’ ইউজারের একটি এক্স অ্যাকাউন্টে গত ১৬ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় সাই মন্দিরের সামনে এক মদ্যপ যুবক লাঠি দিয়ে এক দোকানদারের ঠেলাগাড়ি ভাঙচুর শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে দোকানদার পেছন দিক থেকে পাল্টা আক্রমণ করে, ফলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ভিডিওটি মূলত সেই ঘটনার।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Dainik Jagran MP CG’ এর ওয়েবসাইটে গত ১৭ এপ্রিলে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন পর্যালোচনায়ও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং এর সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই তা নিশ্চিতভাবে বলা যায়।

সুতরাং, ভারতে মদ্যপ এক যুবক কর্তৃক দোকান ভাঙচুরকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে সংঘর্ষের ভিডিওকে বাংলাদেশে চাঁদাবাজকে রুখে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: