রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রদের সচিবালয় ঘেরাওয়ের দাবিতে পুরোনো আন্দোলনের ভিডিও প্রচার

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে বলে দাবি করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রদের সচিবালয় ঘেরাওয়ের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের জুলাই মাসে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে ২০২৫ সালের ২২ জুলাই ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট ভেঙ্গে আবারো সচিবালয়ে’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, এটি ২০২৫ সালে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের দৃশ্য।

এছাড়া, আলোচিত বিষয়ে ঐসময়ে দেশীয় একাধিক (প্রথম আলো, সময় টিভি, দ্য ডেইলি ক্যাম্পাস) সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়। উক্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

জানা যায়, ২০২৫ সালের ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে হাজারো শিক্ষার্থী সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, রামিসা হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান থাকলেও সচিবালয় ঘেরাও করার কোনো খবর দেশিয় মূলধারার সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, গত বছরের ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের ভিডিওকে রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: