টাঙ্গাইলে আ.লীগের মিছিল দাবিতে ছড়ানো হচ্ছে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর মিছিলের ভিডিও

সম্প্রতি, তারাবির নামাজের পর টাঙ্গাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে টাঙ্গাইলের আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর একটি গণমিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘মিরসরাই টাইমস.কম’ নামক একটি ফেসবুক পেজে গত ০৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট ৪৫ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। তবে, প্রচারিত ভিডিওটির অডিওতে পার্থক্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটির শিরোনাম এবং বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় আরো অনুসন্ধানে ‘morshed3358’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে একই তারিখে প্রকাশিত হুবহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির শিরোনামে এটি চট্টগ্রামের মীরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিলের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, মূল ভিডিওতে নির্বাচনী স্লোগান শুনতে পাওয়া যায়।

এছাড়া, মূল ভিডিওর শুরুতে দৃশ্যমান ব্যানার বিশ্লেষণেও জানা যায়, এটি মীরসরাই উপজেলা জামায়াতের গণমিছিল।

অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ে টাঙ্গাইলে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

তাছাড়া, টাঙ্গাইলে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের উদ্যোগে এমন কোনো মিছিল সংঘটিত হয়নি বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

সুতরাং, চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিলের ভিডিওকে তারাবির নামাজের পর টাঙ্গাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: