তারেক রহমান কর্তৃক রমজানে ইফতার বাবদ সবাইকে ১০ হাজার টাকা দেওয়ার ভুয়া দাবি টিকটকে ভাইরাল

মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইফতার বাবদ সবাইকে ১০ হাজার টাকা দিচ্ছেন শীর্ষক একটি দাবি জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), যা এখন প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে।
একই অডিও ব্যবহারে ভিন্ন আরেকটি ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), যা এখন ১ লক্ষ ২০ হাজারের অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রমজান মাস উপলক্ষে ইফতার বাবদ তারেক রহমান সবাইকে ১০ হাজার টাকা দিচ্ছেন শীর্ষক দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই আলোচিত ভুয়া এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে এবং প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিএনপি কিংবা দলটির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো তথ্য প্রচার হতে দেখা যায়নি।
এছাড়া, দেশিয় কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে আলোচিত ভিডিওটির অডিওতে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কথা বলার সময় তারেক রহমানের বক্তব্যে অস্পষ্টতা এবং ঠোঁটের নড়াচড়ার সাথে কথার অমিলও পরিলক্ষিত হয়।
ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মোডারেশন’সহ একাধিক টুলের মডেল বিশ্লেষণে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা গেছে।

সুতরাং, রমজান উপলক্ষে তারেক রহমান ইফতার বাবদ সবাইকে ১০ হাজার টাকা দিচ্ছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- BNP: Facebook Page
- Tarique Rahman: Facebook Page
- Hive Detect AI

