তারেক রহমানের নির্দেশে হাদিকে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেননি রিজভী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাদিকে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাদির ওপর হামলার ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে রুহুল কবীর রিজভী আলোচিত মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।


দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টের মন্তব্যের ঘরে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায়। কথিত এই সংবাদে দাবি করা হয়, রুহুল কবির রিজভী বলেছেন হাদি খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করেন। যা তারেক রহমান ও দলের নেতারা সহ্য করতে পারেন নি। পরবর্তীতে ছাত্রদলের নয়নকে হত্যা করার জন্য নির্দেশ প্রদান করলে হাদির উপর গুলি চালানো হয়।

আলোচিত দাবিটি প্রথম ছড়ায় ১২ ডিসেম্বর বিকাল প্রায় চারটার কাছাকাছি সময়ে। সে সময় বা তার পূর্বে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে রুহুল কবির রিজভী কর্তৃক আলোচিত মন্তব্যটি করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নামের কথিত যে সাইট থেকে দাবিটি ছড়িয়েছে সে সাইটটি বিশ্লেষণ করে দেখা যায়, এটির ডোমেইন এক বছর মেয়াদে গত ৩ নভেম্বর রেজিস্ট্রেশন হয়েছে। সাইটটিতে মনগড়া ও ভিত্তিহীন নানা সংবাদ নিয়মিত প্রচার করা হচ্ছে, যা একটি ভুঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

সুতরাং, তারেক রহমানের নির্দেশে হাদিকে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
Share: