গুচ্ছ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব

গত, ২০ মে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষকদাবিতে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কী দাবি করা হচ্ছে?

গত ২০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১২টায়। এর পূর্বে সকাল ১১ টা ৩০ মিনিটে ফেসবুকে ‘Arif Hasan Joy’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ এর মানবিক শাখা ‘গ’ ইউনিট এর প্রশ্ন আমাদের হাতে চলে আসছে নিচে প্রশ্নের আংশিক অংশ দেওয়া হলো। সময় সকাল ১১ টা ৩০ মিনিট এই টুকুই প্রমাণের জন্য যথেষ্ট।”

পোস্টের সাথে একটি ছবি সংযুক্ত আছে যেখানে হাতে লেখা কিছু প্রশ্ন দেখা যাচ্ছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নের ছবি ব্যতীত একটি পোস্ট করে পরীক্ষা শেষ হওয়ার পরে একই পোস্ট এডিট/সম্পাদনা করে হতে লেখা প্রশ্নের ছবিটি সংযুক্ত করা হয়।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখা যায়, চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০ মে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটিতে থাকা হাতে লেখা প্রশ্নপত্রটি যাচাইয়ের উদ্দেশ্যে গুচ্ছের মানবিক ইউনিটের মূল প্রশ্নের (আর্কাইভ) বাংলা অংশের সাথে পোস্টের প্রশ্নের মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত পোস্টে চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক ইউনিটের প্রশ্নের একাংশ সংযুক্ত ছিল।

পরবর্তীতে, ‘Arif Hasan Joy’ নামক আলোচিত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টটির ‘Edit History’ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ১১ টা ৩০ মিনিটে যখন পোস্ট করা হয়, তখন পোস্টের সাথে প্রশ্নপত্রের কোনো ছবি যুক্ত ছিল না। পরবর্তীতে বিকাল ৫ টা ২৮ মিনিটে প্রশ্নপত্রের ছবিটি যুক্ত করা হয়।

অর্থাৎ স্ট্যাটাসটিতে কোনো ছবি যুক্ত না করে পোস্ট করা হয়েছে সকালে এবং ভর্তি পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাড়ে চার ঘন্টা পর প্রশ্নপত্রটি যুক্ত করা হয়েছে।

এছাড়া, চলতি বছরের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া শীর্ষক কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।

উক্ত অ্যাকাউন্টে আরও প্রতারণার নমুনা

Arif Hasan Joy নামের উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, একই উপায়ে (পরীক্ষার পূর্বে ছবিবিহীন পোস্ট(আর্কাইভ) করে পরীক্ষার পরে প্রশ্নপত্রের ছবি সংযুক্ত করা) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) এর ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হয়।

বিইউপি ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর প্রমাণও মেলে উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

মূলত, গত ২০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত। এই পরীক্ষাকে কেন্দ্র করে একইদিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। উক্ত পোস্টগুলোর সাথে হাতে লেখা প্রশ্নপত্রের একটি ছবিও সংযুক্ত করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর বিকাল ৫টা ২৮ মিনিটে পোস্টটি এডিট/সম্পাদনা করে প্রশ্নপত্রের ছবিটি যুক্ত করা হয়।

উল্লেখ্য, পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে একটি গুজব একইভাবে ছড়িয়ে পড়লে সেটির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ মানবিক (খ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: