নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতনের দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

পশ্চিমবঙ্গের ভোটের ফলপ্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় এ পর্যন্ত অন্তত চারজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন বিজেপি এবং দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা যায়। এরই প্রেক্ষিতে নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতনের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের মহারাষ্ট্র অঞ্চলের শিবাজীনগর এলাকায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ ও টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধরের ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Rajmaji Official’ নামক এক্স অ্যাকাউন্টে গত ২৬ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি নাসিকের শিবাজীনগর এলাকায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ ও টাকা ফেরত চাইলে এক নারীকে মারধরের ঘটনার ভিডিও। গুগল ম্যাপ থেকে জানা যাচ্ছে, এটি ভারতের মহারাষ্ট্র অঞ্চলের একটি স্থান।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ‘NewsX’ এর ওয়েবসাইটে গত ২৮ মার্চ আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, মারধরের শিকার নারী পরিচ্ছন্নতাকর্মীর চাকরির জন্য ভিডিওতে থাকা ব্যক্তির প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিয়েছিলেন। তবে তার চাকরিটি না হওয়ায় তিনি ঘটনার সাথে জড়িত ব্যক্তির কাছে গিয়ে টাকা ফেরত চান। এতে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সাদা শার্ট পরিহিত ব্যক্তিকে নারীদের আঘাত করতে দেখা যায়।

এছাড়া, একই বিষয়ে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ‘Daily Hunt’ এর ওয়েবসাইটেও খবর প্রচার হতে দেখা যায় এবং এই প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর সাথে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কিংবা বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতনের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, একই ভিডিও চলতি বছরের এপ্রিল মাসে জমি দখলে বাধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

নারীর ওপর বিএনপি নেতার হামলার দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: