ঢাকায় বৃষ্টির পানিতে দোকানদারের ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীতে বৃষ্টির পানিতে দোকানদারের ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের জুলাই মাসে ভারতের রাজস্থানে প্রবল বর্ষণে পানির স্রোতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারের ঘটনার ভিডি।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ‘NDTV’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৯ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী অনুযায়ী এটি ভারতের রাজস্থানের ঘটনা। গত বছরের জুলাই মাসে ভারী বর্ষণে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে হোটেলের কর্মীরা কর্তৃক উদ্ধারের দৃশ্য এটি।
এছাড়া ‘NDTV’ এর ইউটিউব চ্যানেলেও গত বছরের ১৯ জুলাই একই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
পাশাপাশি, ভারতীয় একাধিক (এক, দুই, তিন) সংবাদমাধ্যমে আলোচিত ভিডিওর বিষয়ে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। উক্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয় তা নিশ্চিতভাবে বলা যায়।
সুতরাং, ভারতের রাজস্থানে প্রবল বর্ষণে পানির স্রোতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারের ঘটনার পুরোনো ভিডিওকে রাজধানীর যাত্রাবাড়ীতে বৃষ্টির পানিতে দোকানদারের ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NDTV Website: Man Swept Away In Floodwater In Rajasthan, Rescued By Hotel Staff
- NDTV YouTube: Man Swept Away In Floodwater In Rajasthan, Rescued By Hotel Staff
- Gulf News: India floods: Video shows man swept away in Rajasthan floodwater, rescued by hotel worker
- THE TIMES OF INDIA: Ajmer floods sweep away bikes, carts and even people; red alert in multiple Rajasthan districts
- News18: On Camera: Man Swept Away By Floodwaters In Rajasthan, Hotel Staff Saves Him Just In Time
- Rumor Scanner’s Analysis

