ভারতে বোরকা পরার অপরাধে এক নারীকে মারধরের দৃশ্য দাবিতে কক্সবাজারের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি ভারতে বোরকা পরার অপরাধে এক নারীকে মারধরের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনা ভারতের নয় এবং ঐ নারীকে বোরকা পরার অপরাধে মারধর করা হয়নি। প্রকৃতপক্ষে, কক্সবাজারে পুরুষ পথচারীকে নারী পথচারীর ইভটিজিংয়ের অভিযোগে সৃষ্ট মারামারির ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Telegram News’ নামক একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে গত ০৫ মে তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, কক্সবাজারে পুরুষ পথচারীকে নারী পথচারীর ইভটিজিংয়ের অভিযোগে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এছাড়া, ভিডিওতে ঐ নারী এবং পুরুষকে একে অপরের প্রতি অভিযোগ জানাতে শোনা যায়। তাদের অভিযোগ অনুযায়ী এটি বাংলাদেশের কক্সবাজারে ঘটা ঘটনার দৃশ্য। রাস্তায় খারাপ ইঙ্গিত করার কারণে ঐ নারীকে আঘাত করেন বলে জানান ঐ ব্যক্তি।
অর্থাৎ, এটি ভারতের কোনো ঘটনার দৃশ্য নয় এবং এই ঘটনার সাথে বোরকা পরা কিংবা ধর্মীয় সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, বাংলাদেশের কক্সবাজারে পুরুষ পথচারীকে নারী পথচারীর ইভটিজিংয়ের অভিযোগে সৃষ্ট মারামারির ঘটনার ভিডিওকে ভারতে বোরকা পরার অপরাধে এক নারীকে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Telegram News: Facebook Video
- Rumor Scanner’s Analysis

