সম্প্রতি সন্তান নিয়ে স্কুল থেকে ফেরার পথে ছাত্রদল নেতা কর্তৃক এক নারীকে প্রকাশ্যে গুরুতর লাঞ্ছিত করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, শিশু সন্তান কোলে থাকা অবস্থায় এক ব্যক্তি এক নারীকে পোশাক ওপরে তুলে হেনস্তা করছে।

ফেসবুকে প্রচারিতে এমন ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশে ছাত্রদল কর্মী কর্তৃক কোনো নারীকে লাঞ্ছিত করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে সাম্প্রতিক সময়ে এক নারীকে প্রকাশ্যে হেনস্তা করার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘NDTV’ ওয়েবসাইটে গত ২০ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ১৪ মে বিকেলে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে এক নারীকে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনা ঘটে। জানা যায়, ঐ নারী তার সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরের দ্বারা প্রকাশ্যে হেনস্তার শিকার হন। উক্ত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নারসিংগি পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে এবং বিশেষ দল গঠন করেছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পরবর্তীতে উক্ত ঘটনায় একাধিক (এক, দুই, তিন) ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, এটি বাংলাদেশে ঘটা কোনো ঘটনার দৃশ্য নয় এবং এর সাথে ছাত্রদলের কোনো নেতার সংশ্লিষ্টতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
সুতরাং, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে এক নারীকে প্রকাশ্যে হেনস্তা করার ভিডিওকে বাংলাদেশে ছাত্রদল নেতা কর্তৃক নারীকে লাঞ্ছিত করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NDTV: On Camera, Hyderabad Teen Lifts Woman’s Dress, Runs Away, Probe On
- Times Now News: Hyderabad Man Lifts Woman’s Dress While She Carries Her Baby, Caught on CCTV
- Brut India: Instagram Reels
- Free Press Journal: Hyderabad Teen Caught On CCTV Lifting Woman’s Dress While She Returned From School With Her Child


