বাংলাদেশে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, বাংলাদেশে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ঘটা এক ঘটনার ভিডিওকে বাংলাদেশে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ‘The Times of India’ এর ওয়েবসাইটে গত ১৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় প্রকাশ্য দিবালোকে এক কর্মজীবি নারী হামলার শিকার হয়েছেন। গত ১৩ জুন তারিখে জেলার গোল্ড সিনেমা এলাকার কাছে আলোচিত ঘটনা ঘটে বলে উল্লেখ পাওয়া যায়।

পাশাপাশি, আলোচিত বিষয়ে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ‘NDTV’ এর ওয়েবসাইটেও গত ১৩ জুন প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। এছাড়া, হামলার শিকার ২৭ বছর বয়সী ঐ নারীর নাম স্নেহল সাওয়ান্ত এবং তিনি সরকারি অফিসে কর্মরত বলেও জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলার ভিডিওকে বাংলাদেশে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: