৩ জানুয়ারি ঢাবিতে ছাত্রলীগ মিছিল করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া

গত ০৩ জানুয়ারি সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছে দাবিতে ‘জয়ের নামে মামলা না থাকায় প্রধানমন্ত্রী হবেন জয় ছাত্রলীগের তান্ডবে উত্তাল ঢাকা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)৷

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০৩ জানুয়ারি ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেনি বরং ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টুয়েন্টি ফোর এর ২০২২ সালের ২৮ মে প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ | DU | Chhatra League | Channel 24’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে সংবাদপাঠিকার সংবাদ পাঠ অংশটির সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে৷

ভিডিওটির শুরুর ০০:০৬ সেকেন্ড পর্যন্ত ও ০০:২৩ থেকে ০০:২৮ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷

আলোচিত ভিডিওতে একটি মিছিলের ফুটেজ দেখানো হয়েছে যার সাথে গত ০৩ আগস্ট চট্টগ্রাম নগরীতে হওয়া বিএনপি-জামায়াত বিরোধী মিছিলের মিল পাওয়া যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হলে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজটি যাচাই করা হয়, কিন্তু আলোচিত দাবি ও সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এমন কোনো মিছিল-সমাবেশের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া ভিডিওতে শেখ হাসিনার নামে মামলা থাকায়, সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা এমন দাবি করা হলেও উক্ত দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

গণমাধ্যম বা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবিগুলোর পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ সুতরাং, গত ০৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মিছিল করেছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া।

তথ্যসূত্র

Share: