তারেক রহমানকে হাসনাত আবদুল্লাহর হুমকি দাবিতে ভুয়া ভিডিও প্রচার

সম্প্রতি ‘তারেক তুই দেশে আসলেই তোর ১২ টা বাজাবো! তারেক রহমানকে হুমকি দিলেন হাসানাথ’ শিরোনামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

হাসনাত

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে হাসনাত আবদুল্লাহর হুমকি দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, ভিন্ন ভিন্ন তিনটি ভিডিও ক্লিপ একসাথে যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ইউটিউব ভিডিওটি পর্যবেক্ষণ করে দেয়া যায়, এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ভিডিও ক্লিপ রয়েছে এবং ভিডিওটির  বিস্তারিত বিবরণীতে ‘#খালেদমুহিউদ্দীন #ঠিকানায় খালেদমুহিউদ্দীন #উচিতকথা’- এ ধরণের কিছু লেখা রয়েছে।  

উল্লিখিত তথ্যের সূত্রে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ এর ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় অতিথি হিসেবে তারেক রহমান ও হাসনাত আবদুল্লাহর যৌথ উপস্থিতিতে কোনো পর্বের ভিডিও খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ এর কোনো পর্বের নয়।

পরবর্তীতে, হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজে গত ০৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফেসবুক লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে থাকা হাসনাত আবদুল্লাহর ভিডিও ক্লিপের অংশটির মিল রয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, সেখানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি বলে মন্তব্য করেন। এছাড়া, তিনি বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্যাতিত ও নিপীড়িত এবং নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিলো বলে উল্লেখ করেন। এ সময় সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন। তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, নতুবা আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে তাকে তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘তারেক তুই দেশে আসলেই তোর ১২ টা বাজাবো!’ শীর্ষক কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

অর্থাৎ, হাসনাত আবদুল্লাহর লাইভের একটি ভিডিও ক্লিপ এবং তারেক রহমান ও খালেদ মুহিউদ্দীনের দুটি ভিন্ন অডিও বিহীন ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে তারেক রহমানকে হাসনাত আবদুল্লাহর হুমকি দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: