সারজিস আলমের বিয়ের দৃশ্য দাবিতে ভিন্ন দম্পতির ভিডিও প্রচার 

গত ৩১ জানুয়ারি থেকে বিভিন্ন গণমাধ্যম জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের সংবাদ প্রকাশ করছে। কয়েকটি গণমাধ্যম সূত্রে তার স্ত্রীর নাম রাইতা বলে জানা গিয়েছে, তবে তার ছবি প্রকাশ করা হয়নি৷ এরই প্রেক্ষিতে সারজিসের বিয়ের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি তার বিয়ের ভিডিও নয় বরং, তাসমিয়া তাবাসসুম মম এবং রাগিব নূর নামের এক দম্পতির বিয়ের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Momottm নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ আগস্ট প্রকাশিত ‘Sarjis Alam’s wedding: Clearing the misconceptions.’ ক্যাপশনে একটি ভিডিও বার্তা খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে মম নামের ওই নারী দাবি করেন, আলোচিত ভিডিওটিতে কনে সাজে নারীটি তিনি ও ভিডিওটি তার বিয়েতে ধারণ করা হলেও ভিডিওতে থাকা ছেলেটি সারজিস আলম নয়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় এবং দেখান প্রাপ্ত তার পুরো নামের (Tasmia Tabassum Momo) সূত্র ধরে তার ফেসবুক আইডির সন্ধান পাওয়া যায়। উক্ত ফেসবুক আইডি পর্যবেক্ষণের মাধ্যমে খুঁজে পাওয়া ২০২২ সালের ২৯ আগস্টের একটি পোস্টে দেখা যায়, তিনি রাগিব নূর নামক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদ জানান এবং তাদের বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। উক্ত ছবিগুলোতে মম এবং তার স্বামী রাগিবের পরিহিত পোশাকের সাথে আলোচিত ভিডিওতে বর ও কনের পরিহিত পোশাকের হুবহু মিল রয়েছে। এছাড়া, উক্ত ছবিগুলো থাকা ‘Checkmate’ লিখা লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Checkmate Events নামক পেজের ২০২৩ সালের ১৯ জানুয়ারির একটি পোস্টে মম ও রাগিবের বিয়ের বেশকিছু ছবি খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে একইরকম দাবি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় রিউমর স্ক্যানার টিম দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন ও কুইক ফ্যাক্ট প্রকাশ করেছে।

সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে ভিন্ন দম্পতির বিয়ের ভিডিও প্রচার

Share: