ফুটবল বিশ্বকাপের ম্যাচে সংঘর্ষের দৃশ্য দাবিতে প্যারাগুয়ের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, ফুটবল বিশ্বকাপ চলাকালে ‘রেফারি এবং ফিফার দুর্নীতি করায় স্টেডিয়ামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা’ শিরোনামে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করা করেছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন ইনকিলাব (ফেসবুক)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ২০ এপ্রিল প্যারাগুয়ের দুই শীর্ষ ফুটবল ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর মধ্যকার ম্যাচে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আল জাজিরার ইউটিউব চ্যানেলে গত ২০ এপ্রিল ‘Fans fight police at Paraguay football match’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজের একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদনের বিবরণী থেকে জানা যায়, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে দেশটির দুই শীর্ষ ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর মধ্যকার ‘সুপারক্লাসিকো’ ম্যাচে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে মাত্র ২৯ মিনিটের মাথায় রেফারি ম্যাচটি স্থগিত ঘোষণা করে।

পরবর্তীতে, এ বিষয়ে বিবিসির ওয়েবসাইটে গত ২০ এপ্রিল ‘Police fire rubber bullets as Paraguay derby abandoned’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

উক্ত প্রতিবেদন থেকে আরও উল্লেখ করা হয়, প্রত্যক্ষদর্শীদের মতে, ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামের যে অংশটি সেরো পোর্তেনো সমর্থকদের জন্য বরাদ্দ ছিল, সেখানে আতশবাজি ফোটানোর পর গোলযোগের সূত্রপাত হয়। এ ঘটনায় পুলিশ প্রায় ১০০ জনকে আটক করেছে এবং কোনো ভক্ত আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও, নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে অন্তত ছয়জন কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১২ জুন। অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটির সাথে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর কোনো সম্পর্ক নেই।

সুতরাং, রেফারি ও ফিফার দুর্নীতির অভিযোগে চলমান ফুটবল বিশ্বকাপ ম্যাচের স্টেডিয়ামে গোলযোগের দৃশ্য দাবিতে প্যারাগুয়ের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: