ইরানি হামলায় ইসরায়েলিদের আতঙ্কিত হওয়ার দৃশ্য দাবিতে কমেডি চলচ্চিত্রের ভিডিও প্রচার

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ইরানে রকেট হামলার সময় ইসরায়েলিদের আতঙ্কিত হওয়ার দৃশ্য। ভিডিওতে সাইরেনের শব্দ শোনা যায় এবং কয়েকজন ব্যক্তিকে কানে হাত দিয়ে আতঙ্কিত অবস্থায় মাটিতে বসে থাকতে ও শুয়ে পড়তে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়, এটি ইয়েমেনের এক কৌতুকাভিনেতার নির্মিত একটি কমেডি চলচ্চিত্রের অংশ।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘مصطفى المومري’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর ২ মিনিট ৩৩ সেকেন্ড থেকে ৩ মিনিট ০১ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৪ সালে প্রকাশিত ‘এয়ার রেইড সাইরেন’ শিরোনামের একটি কমেডি চলচ্চিত্রের অংশ।

পুরো চলচ্চিত্রটি পর্যালোচনা করে দেখা যায়, সাইরেনের শব্দ বেজে ওঠার পর বিভিন্ন স্থান থেকে মানুষজন একটি নির্দিষ্ট স্থানে (যা বাঙ্কার হিসেবে উপস্থাপন করা হয়েছে) জড়ো হয়। সেখানে তারা আতঙ্কিত হওয়ার অভিনয় করে এবং কানে হাত দিয়ে বসে পড়া কিংবা মাটিতে শুয়ে পড়ার ভঙ্গি করতে দেখা যায়।
পরবর্তীতে প্রকাশক মুস্তাফা আল-মুমারির বিষয়ে অনুসন্ধানে (,,) জানা যায়, তিনি ইয়েমেনের বাসিন্দা এবং একজন কৌতুকাভিনেতা।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাস্তব কোনো রকেট হামলার ঘটনা নয়; এটি অভিনীত একটি দৃশ্য।

সুতরাং, ইয়েমেনের এক কৌতুকাভিনেতার নির্মিত কমেডি চলচ্চিত্রের দৃশ্যকে ইসরায়েলে ইরানের রকেট হামলার পর ইসরায়েলিদের আতঙ্কিত হওয়ার বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: