কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধারের দাবিতে কুমিল্লার ভিন্ন ব্যক্তির লাশের ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খালে পড়ে থাকা একটি লাশের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘নিখোঁজের ৭ দিন পর কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা আরাফাত মোল্লার লা’শ উদ্ধার।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কুড়িগ্রামের কথিত ছাত্রলীগ নেতা আরাফাত মোল্লার লাশ উদ্ধারের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল কাদের নামের এক যুবকের লাশ উদ্ধারের দৃশ্য।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘নাঙ্গলকোট প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে গত ২৯ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে ‘নাঙ্গলকোট প্রতিদিন’ এর ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘হেসাখালের পদুয়ার পাড়ায় মিলল অজ্ঞাত লাশ, পরিচয় মেলেনি এখনো।’

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে ‘খালে যুবকের লাশ, বাবা-মা-ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে গত ২৯ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘কুমিল্লার নাঙ্গলকোটে বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করার চার দিন পর আব্দুল কাদের নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদের (২২) উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা পশ্চিমপাড়া নতুন বাড়ির লিটনের ছেলে। লাশ উদ্ধারের পর থেকেই তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।..’

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কুড়িগ্রামে আরাফাত মোল্লা নামে কোনো ছাত্রলীগ নেতার লাশ উদ্ধারের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, কুড়িগ্রামের কথিত ছাত্রলীগ নেতা আরাফাত মোল্লার লাশের দৃশ্য দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটের আব্দুল কাদের নামের এক যুবকের লাশের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: