হাদি হত্যা ইস্যুতে জামায়াত আমীরের নামে ভুয়া মন্তব্য কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ডে প্রচার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘প্রয়োজনে বাংলাদেশ কে ধ্বংসস্তূপ এ পরিনত করে হলেও হাদীর হত্যার বিচার নিশ্চিত করবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রয়োজনে বাংলাদেশ কে ধ্বংসস্তূপ এ পরিনত করে হলেও হাদীর হত্যার বিচার নিশ্চিত করবো: জামাত আমির’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৯ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে সেসময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়। যেটির সাথে আলোচিত ফটোকার্ডের প্রকাশের তারিখ, ব্যবহৃত ছবি এবং ডিজাইনের সাথে হুবহু মিল লক্ষ্য করা যায়।

তবে উভয় ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ড দুটির শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়াও লক্ষ্য করা যায়, উভয় ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টেও পার্থক্য রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ফটোকার্ডের ‘দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে : জামায়াত আমির’ শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে ‘প্রয়োজনে বাংলাদেশ কে ধ্বংসস্তূপ এ পরিনত করে হলেও হাদীর হত্যার বিচার নিশ্চিত করবো’ লেখা হয়েছে।

পরবর্তীতে মূল ফটোকার্ড পোস্টটির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীরের ফেসবুকে করা একটি পোস্ট নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। পোস্টটিতে তিনি হাদির হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বিভিন্ন আলোচনা করলেও আলোচিত মন্তব্যটি করেননি। মূলত, আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার নামে প্রচার করা হয়েছে।

সুতরাং, ‘প্রয়োজনে বাংলাদেশ কে ধ্বংসস্তূপ এ পরিনত করে হলেও হাদীর হত্যার বিচার নিশ্চিত করবো: জামাত আমির’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Kaler Kantho Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: