আর এস ফাহিম গ্রেফতার হননি

সম্প্রতি, ‘জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশের হাতে গ্রেফতার বিস্তারিত কমেন্টে।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘https://newsbd24ab.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘https://newsbd24ab.blogspot.com’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশের হাতে গ্রেফতার’ শীর্ষক কথিত দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তবে এর প্রকাশকাল হিসেবে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি।

কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়,

‘জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশের হাতে গ্রেফতার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতারের খবরটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। সর্বশেষ তথ্য অনুযায়ী: গ্রেফতারের দাবি: কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ‘মঞ্চ-২৪’ নামের একটি সংগঠন। তাদের অভিযোগ, তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। তবে এখন পর্যন্ত তার গ্রেফতারের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। সরকারের বক্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে, নির্দিষ্ট করে এই ঘটনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।’

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেফতারের দাবির সপক্ষে গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: