সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনের পাশে একা দাঁড়িয়ে আছে একটি কন্যাশিশু। এ সময় হর্ন বাজাতে বাজাতে একটি ট্রেন তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখন একটি গরু দৌড়ে এসে ধাক্কা দিয়ে শিশুটিকে লাইনের কাছ থেকে সরিয়ে দেয়। এতে সে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: এটিএন নিউজ, ইনকিলাব।
একই বিষয়ে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে, এখানে।
একই বিষয়ে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: টিকটক, ইউটিউব, থ্রেডস, ইন্সটাগ্রাম।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে কয়েকটি অস্বাভাবিকতা চিহ্নিত করে রিউমর স্ক্যানার। প্রথমত, ভিডিওতে দেখা ট্রেনটির আকার স্বাভাবিক ট্রেনের তুলনায় অস্বাভাবিকভাবে ছোট মনে হয়েছে। দ্বিতীয়ত, শিশুটিকে সরাতে গিয়ে গরুটির মাথা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলেও কোনো আঘাত পাওয়ার দৃশ্য দেখা যায়নি। পুরো ঘটনাজুড়ে শিশুটির মধ্যেও স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না।
ভিডিওটি যেভাবে ধারণ করা হয়েছে, তা দেখে এটি সিসিটিভি ফুটেজ বলে মনে হয় না; বরং কোনো ব্যক্তি মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ধারণ করেছেন বলেই প্রতীয়মান হয়। ট্রেনের হর্নের শব্দ শোনা গেলেও এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভিডিও ধারণকারীর পক্ষ থেকে চিৎকার বা সতর্কবার্তার মতো কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে ‘mojilo_vandro’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৫ এপ্রিল প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “ভগবানের চমৎকার।” পরবর্তীতে অ্যাকাউন্টটি পর্যালোচনা করে সেখানে একই ধরনের আরও বহু এআই-তৈরি ভিডিও দেখা যায়। অ্যাকাউন্টের বায়োতেও উল্লেখ রয়েছে যে এটি এআই-ভিত্তিক একটি কাল্পনিক চরিত্র এবং এখানে প্রদর্শিত সব স্থান ও চরিত্র কাল্পনিক।
আলোচ্য ভিডিওটির সত্যতা যাচাইয়ে এটি ‘হাইভ ডিটেক্ট’ নামের একটি এআই কনটেন্ট শনাক্তকরণ প্ল্যাটফর্মে পরীক্ষা করা হলে দেখা যায়, ভিডিওটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ।
সুতরাং, ট্রেন থেকে শিশুকে গরুর রক্ষা করার আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Hive Detect
- Mojilo_vandro : Instagram Post
- Rumor Scanner’s analysis.


