কক্সবাজারে ঈদে ঘুরতে যাওয়া পর্যটক মহিলাদের ওপর সন্ত্রাসীদের হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারে ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে যাওয়া পর্যটক মহিলাদের উপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কক্সবাজারে ঈদে ঘুরতে যাওয়া পর্যটক মহিলাদের ওপর হামলার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 


আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১১ এপ্রিলে পোস্ট হওয়া একটি ভিডিও পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর বিষয়ে ক্যাপশনে তিনি দাবি করেন, ‘২০২৪ আগষ্টের ৪ তারিখ জেলা নোয়াখালী , উপজেলা সোনাইমুড়ী এবং বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে (বজরা বাজার) আন্দোলন কারি ছাত্রীদের উপর হামলা করে ছাত্রলীগের নি/ষিদ্ধ সন্তানরা’।

এছাড়াও, একই তারিখ ও একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ভিডিওর ক্যাপশনে উল্লেখিত স্থানের সূত্র ধরে গুগল ম্যাপে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার নামক স্থানটি খুঁজে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্থানের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া না গেলেও, ভিডিওটি যে সাম্প্রতিক ঈদ-উল-আজহার বেশ আগের এবং বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার নামক স্থানের তা নিশ্চিত।

সুতরাং, সম্প্রতি কক্সবাজারে ঈদে ঘুরতে যাওয়া পর্যটক মহিলাদের উপর হামলার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: