ফিলিস্তিনের সমর্থনে গণমাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলার দৃশ্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত প্রায় আট দশক ধরে চলমান, যা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক বোমা হামলার পর আরও তীব্র হয়। এই সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, লক্ষাধিক আহত হয়েছেন, এবং অসংখ্য ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে শরণার্থী জীবনযাপন করছেন।

বিশ্বের অন্যতম ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে নানা গুজব ছড়াচ্ছে। মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য পরিচিত এই তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সম্প্রতি, তিনি ফিলিস্তিনের পক্ষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন দাবিতে দুটি পৃথক পৃথক ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে প্রচারিত আরেকটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিলিস্তিনের সমর্থনে গণমাধ্যমের সামনে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলার দাবিতে প্রচারিত ভিডিওগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, গণমাধ্যমে দেওয়া তার ভিন্ন ভিন্ন দুটি সাক্ষাৎকারের ভিডিও কৃত্রিম বুুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেগুলোর ভয়েস পরিবর্তন করে আলোচিত ভিডিওগুলো তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটিতে তাকে রিয়াদ ভিত্তিক সৌদির পেশাদার ফুটবল ক্লাব আল নাসর এফসির লোগো সম্বলিত একটি ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। উক্ত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কাতারভিত্তিক গণমাধ্যম ‎Al Kass Channels‎ এর ফেসবুক পেজে গত ১৪ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ৮ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত পুরো অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতেই তাকে একই ট্র্যাকস্যুট পরিহিত অবস্থা, একই স্থানে ও একই গণমাধ্যমের সাথে কথা বলতে দেখা যায়। তবে উক্ত ভিডিওটিতে তাকে ফিলিস্তিনের বিষয়ে কোনো কথা বলতে দেখা যায় না। বরং, ম্যাচের জয়ের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের প্রেক্ষিতে তাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পরবর্তীতে উক্ত ভিডিও পোস্টের শিরোনাম ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে জানা যায়, উক্ত ভিডিওটি সৌদি আরবের আরেক ফুটবল ক্লাব আল আহরির বিপক্ষে তার দল আল নাসরের জয়ের বিষয়ে তার সাক্ষাৎকার প্রদানের ভিডিও। যার সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, আলোচিত ভিডিওর ভয়েসটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করে তা মূল ভিডিওটির সাথে যুক্ত করে দেওয়া হয়েছে।

ভিডিও যাচাই ২

দ্বিতীয় ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে BeanymanSports নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে তার পরিহিত ম্যানচেস্টার ইউনাইটেডের ট্র্যাকস্যুট, কানের দুল এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত ভিডিওর সকল উপাদানের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওতে তাকে ফিলিস্তিন ইস্যুর পরিবর্তে প্রিমিয়ার লীগ সম্পর্কে কথা বলতে শোনা যায়। এছাড়াও আলোচিত ভিডিওটির কিছু অংশে তার মুখের অস্বাভাবিক নাড়াচাড়া লক্ষ্য করা যায়।

তাই পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Sky Sports Premier League-এর ওয়েবসাইটে প্রচারিত উক্ত সাক্ষাৎকারের পূর্ণ ভিডিওটি খুঁজে বের করা হয়। তবে সাক্ষাৎকারের কোথাও তাকে ফিলিস্তিন সম্পর্কে কোনো কথা বলতে শোনা যায়নি।

অর্থাৎ, উক্ত ভিডিওর ভয়েসটিও এআই প্রযুক্তির সহায়তায় মূল ভিডিওতে যুক্ত করা হয়েছে।

সুতরাং, ক্রিস্টিয়ানো রোনালদোর ফিলিস্তিনের সমর্থনে গণমাধ্যমের সামনে কথা বলার দাবিতে প্রচারিত ভিডিওগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: