চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি ‘চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ, জুমার নামাজের পর সবাই একত্রে জয় বাংলার মিছিল নিয়ে রাজপথ দকল’ ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে উক্ত মিছিলটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার গত ০৮ আগস্টের আয়োজন বলে দাবি করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এমন কোনো বৃহৎ মিছিলের আয়োজন করেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি গত ০৮ আগস্ট, শুক্রবারে প্রচার করা হয়েছে এবং ভিডিওটির ক্যাপশনে এটিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সেদিনের আয়োজিত মিছিল বলে উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে উক্ত তারিখের পোস্টগুলো যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, Sultan Ahmed নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ০৩ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক কোনো মিছিলের নয়।

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৩ আগস্ট ‘চট্টগ্রাম-এ ছাত্র জনতার মিছিল “আমার দেশ আমার মা পাকিস্তান, আফগানিস্তান হবে না”’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি সেদিন চট্টগ্রামে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিলের মিছিলের চিত্র।

সুতরাং, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আয়োজিত সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে ২০২৪ সালের ০৩ আগস্টে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: