১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে “কুমিল্লা ব্লক হয়ে গেছে” দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাইকের ওপর বসে থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “হাফ ব্লক, হাফ ব্লক। কুমিল্লা বিশ্বরোড হাফ ব্লক হয়েছে এই দেখ অবস্থা। এবার চিন্তা কর ফুল ব্লক হলে কি হবে বাংলাদেশ।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রার একটি ভিডিওকে এই দাবিতে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশের একটি পতাকায় সাদা রঙে লেখা রয়েছে “কুমিল্লা নামেই বিভাগ চাই”।

এই সূত্র ধরে অনুসন্ধানে গত ১৭ অক্টোবর ‘Bayzid Hossain’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি কুমিল্লায় “Extreme rider” এর বাইক র্যালির দৃশ্য।

ওই প্রোফাইল থেকে একই দিনের আরও একটি ভিডিওতে কুমিল্লা জেলা নিয়ে স্লোগান দিতে শোনা যায়। প্রোফাইলটি পর্যালোচনায় দেখা যায়, সে সময় কুমিল্লা বিভাগের দাবিতে একাধিক কনটেন্ট (১,২) সেখানে পোস্ট করা হয়েছিল।
১৭ অক্টোবর প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লা বিভাগের দাবিতে হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে আলেখারচর হয়ে আবার পদুয়ারবাজারে ফিরে আসে এবং পরে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের খবর (১,২) পাওয়া গেলেও কুমিল্লার বিশ্বরোড এলাকায় এমন কোনো ঘটনার তথ্য মেলেনি।
সুতরাং, কুমিল্লা বিভাগের দাবিতে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিওকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে সড়ক অবরোধ দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bayzid Hossain: Facebook Post
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/district/z2ezapfdkt


