ক্ষতিগ্রস্থ ট্রেন নিয়ে তারেক রহমানের নির্দেশনা দাবিতে চ্যানেল২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করে ‘ক্ষতিগ্রস্ত ট্রেনের লোহা-লক্কড় যেন চুরি করতে পারে ছাত্রদল, যুবদল, গোপন নির্দেশনা তারেক রহমানের’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ক্ষতিগ্রস্ত ট্রেনের লোহা-লক্কড় যেন চুরি করতে পারে ছাত্রদল, যুবদল, গোপন নির্দেশনা তারেক রহমানের’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এমন মন্তব্য করেননি। বরং, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল২৪ এর লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘১৮ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ১৮ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ১৮ মার্চ ‘ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ক্ষতিগ্রস্ত ট্রেনের লোহা-লক্কড় যেন চুরি করতে পারে ছাত্রদল, যুবদল, গোপন নির্দেশনা তারেক রহমান’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘১৮ মার্চ ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

সুতরাং, ‘ক্ষতিগ্রস্ত ট্রেনের লোহা-লক্কড় যেন চুরি করতে পারে ছাত্রদল, যুবদল, গোপন নির্দেশনা তারেক রহমানের’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Channel24: Facebook Post

Share: