জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেননি মির্জা ফখরুল, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঠাকুরগাঁও -১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘জনগণ ভোট দাঁড়িপাল্লায় দেক সমস্যা নাই” ভোট বাক্স মাথাই করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলেননি কিংবা ভোটবাক্স ছাত্রদলকে মাথায় করে নিয়ে আসার দায়িত্বও দেননি। এছাড়াও ডিবিসি নিউজও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২ ফেব্রুয়ারি, ২০২৬।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিবিস নিউজের ফেসবুক পেজে গত ২রা ফেব্রুয়ারি ‘জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে ডিবিসি নিউজের লোগো এবং মির্জা ফখরুলের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও ডিবিসি নিউজের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয় মূলধারার গণমাধ্যম প্রথম আলো সূত্রে জানা যায়, মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, বাজে কথা বলছেন। আমি ডিটেইল জানি না সত্য নাকি মিথ্যা। তবে তিনি যদি এ কথা বলে থাকেন, তবে অন্যায় করেছেন। যেসব নারী গার্মেন্টসে কাজ করেন, তাঁদের বলে দিয়েছেন ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারেন না। কাজ না করলে, তাঁরা খাবে কী? জামায়াতে ইসলামী এ দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পেছন দিকে নিয়ে যেতে চায়……।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- যায়যায়দিন , কালের কণ্ঠসহ একাধিক গণমাধ্যমে।
এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, জনগণকে দাড়িপাল্লায় ভোট দিতে বলেছেন মির্জা ফখরুল শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News – Facebook Page
- DBC News – Website
- DBC News – YouTube Channel
- DBC News – Facebook Post

