মিরসরাইয়ে জামায়াতের অফিস থেকে অস্ত্র উদ্ধার করেনি সেনাবাহিনী, ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ‘চট্রগ্রাম-১ মিরসরাই “ জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণে অ*স্ত্র উদ্ধার করে সেনাবাহিনী’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ঘটনাটি জামায়াতের অফিস থেকে অস্ত্র উদ্ধার করার ঘটনা নয়। বরং মুন্সিগঞ্জের কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা এটি। এছাড়াও, ডিবিসি নিউজও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ৪ ফেব্রুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ৪ঠা ফেব্রুয়ারি ‘মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে ডিবিসি নিউজের লোগো এবং অস্ত্র উদ্ধারের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও ডিবিসি নিউজের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত ডিবিসি নিউজের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়। ৪ ফেব্রুয়ারি রাত ২টা থেকে ভোর পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার ইমামপুর উপজেলার দৌলতপুরঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এই তল্লাশি অভিযান চালায়। অভিযানে আস্তানাগুলো থেকে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়…।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- এনটিভি, দেশ টিভি, ঢাকা প্রতিদিন, কালের কণ্ঠ, আমার বার্তাসহ একাধিক গণমাধ্যমে।

সুতরাং, মিরসরাইয়ে জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণে অ*স্ত্র উদ্ধার করে সেনাবাহিনী শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: