ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে যেখানে দেখা যায় সামরিক পোশাকের আদলে সজ্জিত এক ব্যক্তি সামনের দিকে দাঁড়িয়ে আছেন, যার ডান হাতটি একটি স্লিঙের সাহায্যে ঝোলানো এবং তার ঠিক পেছনেই একটি রকেট লঞ্চার রয়েছে যা থেকে খানিকক্ষণ পরই রকেট নিক্ষেপ করা হয়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য এবং আহত ব্যক্তি ইরানি সৈন্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল ইস্যুতে ইরানের সৈন্যের বা ইরানের হামলার সাম্প্রতিক ভিডিও নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি অন্তত ২০১৫ সাল থেকেই অনলাইনে বিদ্যমান আছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘inSmart EN’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২৬ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। তবে প্রদর্শিত দৃশ্যের প্রেক্ষাপটের বিষয়ে ইউটিউব ভিডিওতে কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি।

এছাড়াও, অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটেও ২০১৫ সালে আলোচিত ভিডিওর দৃশ্য প্রচার হতে দেখা যায়। পাশাপাশি, ২০২০ সাল পূর্ববর্তী সময়ে আরো নানা ইউটিউব চ্যানেল থেকেও আলোচিত ভিডিওর দৃশ্য প্রচার হতে দেখা যায়।

উল্লেখ্য, আলোচিত ভিডিওটি ঠিক কবেকার বা এর আসল প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের নয়।

সুতরাং, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে আহত ইরানি সৈন্যের নেতৃত্বে হামলা চালানোর ভিডিও দাবিতে অন্তত ১০ বছর পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: