ফারজানা সিথির নাচের ভিডিও দাবিতে ভারতীয় নারীর ডিপফেক ভিডিও প্রচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান থেকে শুরু করে সেনা কর্মকর্তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচিত হওয়া অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিথির নাচের ভিডিও দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত নাচের ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি মুখ ফারজানা সিথির নয় বরং, ধুনু সোনোয়াল নামের একজন ভারতীয় নারীর নাচের ভিডিওতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Dhunu Sonowal নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর নারীর চেহারা ব্যতীত পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া যায় যে, ইন্সটাগ্রাম থেকে এই ভিডিওটি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ধুনু সোনোয়াল নামের নারীর মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়াও উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে ধুনু সোনোয়ালের আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়, যেখানে তিনি জানান তার বাড়ি ভারতের আসামে। তবে বর্তমানে তিনি ব্যবসায়ী স্বার্থে নয়া দিল্লিতে বসবাস করছেন।

সুতরাং, ফারজানা সিথির নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Dhunu Sonowal Instagram Account Post
  • Dhunu Sonowal Instagram Account Post
Share: